
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় মো. সোলেমান (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম একটি ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতে তাদের নৌকাটি উল্টে গেলে দুজনই পানিতে পড়ে যান।
পরে আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সোলেমান প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজ সোলেমান পূর্ব সরফভাটা এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।
ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারে বিশেষ ডুবুরি দল কাজ শুরু করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্ণফুলী নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা সোলেমানের সন্ধানের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার