
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। এ ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজারে চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশে মাইনুল ইসলামের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং পাঁচটি বসতঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল ও সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। বাজারের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির মতো আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
নেছারাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. কলীম উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার