দেশের পুঁজিবাজারে ২০২৫–২৬ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় বিদেশিদের মোট লেনদেন চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট শেয়ার কেনাবেচার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৩ কোটি ৯ লাখ টাকা। এর আগের ২০২৪–২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি লেনদেন বেড়েছে প্রায় ১ হাজার কোটি টাকা।
এই প্রবৃদ্ধির ফলে ২০২১–২২ অর্থবছরের পর বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
তবে লেনদেনের পরিমাণ বাড়লেও অর্থবছরের বেশির ভাগ সময় বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা ছিলেন। অর্থাৎ তারা যত মূল্যের শেয়ার কিনেছেন, তার চেয়ে বেশি মূল্যের শেয়ার বিক্রি করেছেন। ফলে পুঁজিবাজার থেকে বিদেশি মূলধনের বহির্গমন পুরোপুরি থামেনি।
বাজারসংশ্লিষ্টদের মতে, অর্থবছরের শুরুতে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন ঝুঁকির কারণে বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে ছিলেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তার সময় বিদেশিদের বিক্রির চাপ বেড়ে যায়।
তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর ফলে অর্থবছরের শেষ দিকে তাদের বাজারে অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার