
পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৭ জুন) ঢাকা মহানগর পশ্চিম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন—মো. শাফায়াত হোসেন শেখ ও এনামুল হক আকবর।
সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীদের টার্গেট করত। পরে নিজেদের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ আছে বলে দাবি করে পুনরায় নিয়োগের আশ্বাস দিত এবং বিপুল অঙ্কের টাকা দাবি করত।
প্রতারণার কৌশল হিসেবে তারা অগ্রিম টাকা নেওয়ার আগে ভুক্তভোগীদের আস্থা অর্জনের জন্য ব্যাংক চেক জামানত দিত, যাতে সন্দেহ না হয়। এক ঘটনায় এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার পরিকল্পনার সময় তারা ধরা পড়ে।
অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৫ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেক জব্দ করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেফতার শাফায়েত হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। তার পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইসহ এই চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে।
প্রতিবেদকের নাম 




















