
সরকারি কর্মচারীদের পেনশন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে চালু করা হচ্ছে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশন সংক্রান্ত আবেদন, নথি জমা এবং আবেদনের অগ্রগতি ঘরে বসেই অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।
তিনি বলেন, ওপিটিএমএস চালু হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পেতে বারবার অফিসে যেতে হবে না। আবেদন জমা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং ফাইলের বর্তমান অবস্থা জানার পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করা যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে কোনো সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটিতে যাওয়ার ১১ মাস আগেই মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে এবং সংশ্লিষ্ট কল্যাণ কর্মকর্তা ও কর্তৃপক্ষ একই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে পেনশন সেবা চালুর ফলে দুর্নীতি কমবে, জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা নির্ধারিত সময়ে তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি পেনশন ব্যবস্থাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার ক্ষেত্রে ওপিটিএমএস চালুকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার