
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোপুরি শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক কথা বলেছেন। জনগণের করের টাকায় নির্মিত কাজের গুণগত মান নিয়ে তাঁর বক্তব্য যথার্থ ছিল। তবে তিনি ৫ শতাংশ ভুল করেছেন।
ইশরাক আরও লেখেন, উপহার বলা হোক কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজকে সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী এবং সরকার এমন কর্মকাণ্ড সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, ঠিকাদার খুশি হয়ে নিজের লভ্যাংশ থেকে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।
তাঁর এ বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর বুধবার নিজের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তাঁর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার