
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা দেখছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে অভিযুক্ত নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত। তাঁর ভাষ্য, সাধারণ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয় এক নয়। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকার বিষয়টি দেশের সংবিধানেও উল্লেখ রয়েছে বলে দাবি করেন তিনি।
ভারতের সঙ্গে প্রত্যর্পণ নিয়ে আলোচনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ ক্ষেত্রে আইনি জটিলতা বা আদালতের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না।
উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ল’ ফার্মের মাধ্যমে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।
ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি জানান, সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং তা যথাসময়ে সম্পন্ন হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করাই সরকারের লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চায় সরকার।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার