
বাংলাদেশের পোল্ট্রি শিল্পে নতুন মাইলফলক স্থাপন করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রথমবারের মতো দেশ থেকে বাণিজ্যিকভাবে হ্যাচিং (বাচ্চা উৎপাদনক্ষম) ডিম রপ্তানি শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথম চালানে ১০ হাজার হ্যাচিং ডিম পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পাঠানো হয়েছে।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানটি পাঠানো হয়। এই উদ্যোগকে কৃষিভিত্তিক রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রপ্তানিকৃত ডিমগুলো কাজী ফার্মসের পঞ্চগড়ে অবস্থিত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট (Grand Parent) ফার্মে আন্তর্জাতিক মানের বায়োসিকিউরিটি ব্যবস্থার আওতায় উৎপাদিত হয়েছে।
ডিম রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রবেশ বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও আন্তর্জাতিক বাজারে নিয়মিত রপ্তানির পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের পোল্ট্রি শিল্পের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষিভিত্তিক রপ্তানিতে নতুন গতি যোগ করবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার