
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সময় মাঠে থাকতে পারেননি পেসার শরিফুল ইসলাম। তবে সেই জয় নিয়ে কোনো আক্ষেপ নেই তার। ইনজুরি কাটিয়ে এখন আসন্ন ম্যাকাই টেস্টে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত এই বাঁহাতি পেসার।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) ম্যাকাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। এ সময় নিজের চোট, দলের পারফরম্যান্স ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।
প্রথম টেস্টে খেলতে না পারায় নিজেকে মোটেও দুর্ভাগা মনে করছেন না শরিফুল। তার মতে, চোটের কারণে পাওয়া বিশ্রাম বরং শারীরিকভাবে তাকে আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে।
শরিফুল বলেন, ‘প্রথম টেস্টে খেলতে না পারায় আমি নিজেকে একটুও দুর্ভাগা মনে করছি না। কারণ, যা হওয়ার তা তো আর আগে থেকে বলে কয়ে আসে না। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার কাছে মনে হয়, এই বিরতিটা শরীরের জন্য বেশ ভালোই হয়েছে।’
ডারউইন টেস্টে একাদশে না থাকলেও মাঠে থাকা সতীর্থদের জন্য সবসময় শুভকামনা জানিয়েছেন শরিফুল। বাংলাদেশের ঐতিহাসিক জয় তাকে ভীষণ আনন্দ দিয়েছে বলে জানান তিনি।
টাইগার এই পেসার বলেন, ‘যারা মাঠে খেলছিল, আমি সবসময় তাদের জন্য দোয়া করছিলাম যেন, তারা নিজেদের সেরাটা দিতে পারে এবং আমরা ম্যাচটা জিততে পারি।’
বাংলাদেশ জয়ের পর নিজের আনন্দের কথা বলতে গিয়ে শরিফুল মজা করে বলেন, ‘যখন আমরা জিতে গেলাম, তখন মনে হয়েছে বাংলাদেশের কোটি মানুষের চেয়ে বুঝি আমি একা সবচেয়ে বেশি খুশি হয়েছি।’
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে নিজের ভালো লাগার কথাও জানান শরিফুল। একাদশে না থেকেও দলের সঙ্গে জয় উদযাপনের সুযোগ পাওয়াকে তিনি আনন্দের বিষয় হিসেবে দেখছেন।
হাসতে হাসতে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো লেগেছে। এমন একটা ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে দারুণ লাগছে। একাদশে না থেকেও অন্তত জয়ের সেলিব্রেশনের ছবিতে তো ঢুকে গেছি!’
এখন তার লক্ষ্য ইনজুরি কাটিয়ে ম্যাকাই টেস্টে মাঠে নেমে দলের হয়ে অবদান রাখা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের জন্য শরিফুলের ফেরাটা তাই বাড়তি প্রত্যাশার বিষয় হয়ে উঠেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার