
নিজের কোনো ঘর ছিল না। দিন এনে দিন খেয়ে চলা সুধিনী মান্দার (৬০) পক্ষে নিজের সামর্থ্যে ঘর নির্মাণ করাও সম্ভব ছিল না। অবশেষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পেয়ে আনন্দে ভাসছেন নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী।
নতুন ঘর পেয়ে সুধিনী মান্দা বলেন, ‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এত দিন আমার নিজের কোনো ঘর ছিল না। তাই অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্যে একটি ঘর বানানোর মতো অবস্থা আমার কখনোই ছিল না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি যে কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলের গারো ও হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন। সুধিনী মান্দার নিজের বক্তব্য থেকেই বোঝা যায়, তাঁর কোনো ঘর ছিল না। প্রকৃত গৃহহীনদের ঘরের ব্যবস্থা করতেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য প্রধানমন্ত্রী বিশেষ একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই প্রকল্পের আওতায় দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে। এ উদ্যোগের জন্য এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ ছাড়া পাহাড়ি অঞ্চলের পানির সংকট ও অব্যবস্থাপনা দূর করতে পাঁচটি ইউনিয়নে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করার একটি বিশেষ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান ডেপুটি স্পিকার। ইউনিয়নগুলো হলো—কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেঙ্গুরা, খারনৈ ও রংছাতি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার