প্রধানমন্ত্রীর সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার ও
সরকার গঠনের চার মাস পর দুদিনের প্রথম সরকারি সফরে আগামীকাল রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই চার দিনের সফরে চীন যাবেন তিনি। দুই দেশে প্রধানমন্ত্রীর এই সফরে অন্তত দুই ডজন সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের শীর্ষ বৈঠক শেষে যৌথ ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দুই দেশ। ঢাকা-বেইজিং সম্পর্কের পাঁচ দশক পূর্তির পর দুই দেশের মধ্যে তৃতীয়বারের মতো যৌথ ইশতেহার ঘোষণা করা হবে। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির চারটি উদ্যোগের অন্যতম জিডিআই বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের যুক্ততার ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হলে উভয় দেশ থেকে বেশি বিনিয়োগ আসবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এমন বার্তা যেন তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, এ নিয়ে বেশ জল্পনা ছিল। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর ভারতে হবে কি না, সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা ছিল।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিযোগিতামূলক বাস্তবতার আলোকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হতে পারে, তা নিয়ে সরকার ও দলীয় ফোরামে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রথম সফর ভারতে না হলে চীনে হতে পারে বলে আলোচনা ছিল। তবে ভারত বা চীনের পরিবর্তে ভুটান বা সৌদি আরবে প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফরের বিষয়েও আলোচনা হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কোরবানির ঈদের কয়েক দিন আগে প্রধানমন্ত্রী চীন সফরের আগে মালয়েশিয়া সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়।
আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয়গুলো মাথায় রেখে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যে ভারত ও চীন সফর করেছেন। আর প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ-বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এপ্রিলের শুরুতে মালয়েশিয়া সফর করেছেন। প্রধানমন্ত্রীর চীন সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং গিয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
কাল রোববার বেলা ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ায় শ্রমবাজার চালুতে জোর
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটিতে শ্রমবাজার পুনরায় চালু করা, প্রবাসী শ্রমিকদের কল্যাণ, শিক্ষা সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে ঢাকা।
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ মালয়েশিয়া। দেশটিতে এখন প্রায় আট লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। কিন্তু নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের পর ২০২৪ সালের ১ জুন থেকে দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া প্রায় ১২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন।
একজন কর্মকর্তা জানান, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এ ছাড়া প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, সেমিকন্ডাক্টরশিল্প, কৃষি, হালাল খাদ্য, সুনীল অর্থনীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে।
মালয়েশিয়ায় পৌঁছে কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন সকাল ৯টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধান প্রশাসনিক ভবন পেরদানা পুত্রতে যাবেন তিনি। সেখানে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে সমঝোতা স্মারক সই হবে। এরপর দুই দেশের যৌথ সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেরি পেরদানায় যাবেন তারেক রহমান।
এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। সেখান থেকে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবন ইস্কান্দারের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর মালয়েশিয়ার বন্দর পরিচালনাকারী গ্রুপ এমএমসি পোর্টের চেয়ারম্যান, এয়ার এশিয়া এবং পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার