
পাবনা সদর উপজেলার দোগাছী গ্রামে গৃহবধূ পাপিয়া খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সৌদি প্রবাসী স্বামী হুমায়ুন কবীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
রোববার (২৮ জুন) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হত্যা মামলা গ্রহণ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হুমায়ুন কবীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। তারা আরও দাবি করেন, সম্প্রতি স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রী পাপিয়াকে নির্যাতন করা হয় এবং পরে তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধনে নিহতের চাচা আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন ধরে পাপিয়া শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও পুলিশ মামলা নিতে বিলম্ব করছে। দ্রুত হত্যা মামলা গ্রহণ ও অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে নিহতের বাবা আব্দুর রশিদ শেখ, চাচা আসলাম হোসেন, ভাই মিলন শেখসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন কবীরকে আটক করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি থাকলেও অভিযুক্তের দুই সন্তান তাদের বাবাকে নির্দোষ দাবি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাপিয়া খাতুনের (৩৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং স্বামী হুমায়ুন কবীরকে হেফাজতে নেওয়া হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার