বিগত স্বৈরাচারী সরকার প্রশাসনকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতায় টিকে ছিল। ফলে তারা দেশের প্রান্তিক মানুষের কল্যাণে কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
সোমবার (৬ জুলাই) জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিগত স্বৈরাচারী সরকার জনগণের কল্যাণের পরিবর্তে লুটপাট, দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারে বেশি মনোযোগী ছিল। এ সময় জনগণের অর্থ আত্মসাতের নানা অনিয়ম সংঘটিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাট রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের সুযোগ দেওয়া যাবে না। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, যেখানে অনিয়ম ও দুর্নীতি দেখা দেবে, সেখানে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁর মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা সম্ভব।
প্রতিবেদকের নাম 




















