
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে বিপুল সম্পত্তি ও জীবনবিমার অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে স্বামী, ছেলে ও ভাতিজাকে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেণু ভাটনগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, স্বামীর প্রায় ৮ কোটি ১৪ লাখ টাকার ভ্রমণ ব্যবসা এবং ২ কোটি ৭১ লাখ টাকার জীবনবিমার অর্থ নিজের নিয়ন্ত্রণে নিতে এই পরিকল্পনা করেছিলেন তিনি। সব মিলিয়ে প্রায় ১০ কোটি ৮৫ লাখ টাকার সম্পদের লোভে এমন ভয়ংকর ষড়যন্ত্র করেন বলে অভিযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানার পুলিশ রেণু ভাটনগরকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন।
ঘটনার সূত্রপাত গাজিয়াবাদের বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগরের পরিবারের সদস্যদের রহস্যজনক অসুস্থতা নিয়ে। সুশীল একটি ভ্রমণ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। শুধু তিনি নন, তার ছেলে ও ভাতিজাও একই ধরনের অজ্ঞাত অসুস্থতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্দেহ তৈরি হয় সুশীলের। পরে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করালে তার শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। এরপর পরিবারের খাবারে বিষাক্ত পদার্থ মেশানো হচ্ছে বলে সন্দেহ করেন তিনি।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে স্ত্রী রেণু এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তাকে, তার ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে রেণু জানান, তার স্বামীর ভ্রমণ ব্যবসার মূল্য প্রায় ৫ থেকে ৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৭৮ লাখ থেকে ৮ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া স্বামীর নামে ২ কোটি রুপির একটি জীবনবিমা রয়েছে, যার একমাত্র নমিনি রেণু নিজেই। বাংলাদেশি মুদ্রায় বিমার অর্থ প্রায় ২ কোটি ৭১ লাখ টাকা।
পুলিশের দাবি, স্বামীর মৃত্যু হলে ব্যবসাপ্রতিষ্ঠান ও জীবনবিমার অর্থ নিজের নিয়ন্ত্রণে চলে আসবে—এমন ধারণা থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানোর পরিকল্পনা করেন রেণু।
এদিকে, এই ঘটনায় রেণুর পরিবারের অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
২৬ নভেম্বর ২০২৬
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার