ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় শত বছরের পুরোনো কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রাতের কোনো এক সময় মন্দিরের দরজা ও গেটের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি দেব-দেবীর মূর্তি এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা লাগিয়ে বাসায় চলে যান সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী। রোববার সকালে মন্দিরে পূজা দিতে এসে তিনি দেখতে পান, গেটের তালাগুলো ভাঙা এবং দরজা খোলা।
মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
মন্দিরে প্রবেশ করে দেখা যায়, কষ্টিপাথরের কালীমূর্তি, পিতলের গণেশ, নারায়ণ ও লক্ষ্মীর মূর্তি এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল ও শিবলিঙ্গে প্যাঁচানো সাপের মূর্তি নেই। পাশাপাশি মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারও খোয়া গেছে।
এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন পুলিশের
খবর পেয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মাহমুদুল হাসান জানান, মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
প্রতিবেদকের নাম 




















