
ফরিদপুর রেলস্টেশন থেকে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া তিন বছরের শিশু মো. বাপ্পির খোঁজে এক বছর ধরে অপেক্ষা করছেন তার মা শারমীন আক্তার। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সন্তানের কোনো সন্ধান মেলেনি। শেষ আশ্রয় হিসেবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
ফরিদপুর কোতোয়ালী থানায় বুধবার (৫ আগস্ট) করা জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু মো. বাপ্পির গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে সে ফরিদপুর শহরের কমলাপুর (কি পাইলাম মোড়) এলাকায় বসবাস করছিল।
জিডিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে ফরিদপুর রেলস্টেশনে মানুষের ভিড়ের মধ্যে থেকে বাপ্পি নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুর শারীরিক বর্ণনায় বলা হয়েছে, বাপ্পির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো ও ছোট। তার উচ্চতা প্রায় ২ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের হাফহাতা গেঞ্জি ও একটি হাফ প্যান্ট। বয়স কম হওয়ায় সে নিজের নাম ছাড়া অন্য কোনো পরিচয় বলতে পারে না।
সন্তানের জন্য আকুতি জানিয়ে মা শারমীন আক্তার বলেন, “আমার একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব জায়গায় খুঁজেছি। এখনো কোনো খোঁজ পাইনি। কেউ যদি আমার ছেলেকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দয়া করে আমাকে (মোবাইল: ০১৭২৭-৪৬৬৩৫৪) অথবা নিকটস্থ থানায় জানাবেন।”
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জিডি গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির সন্ধানে প্রয়োজনীয় আইনগত ও অনুসন্ধানমূলক কার্যক্রম শুরু হয়েছে। কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ফরিদপুর কোতোয়ালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার