
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবেই এ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগ পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে তারা বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার