রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ২২৯ জন সেনা আত্মহত্যা করেছেন বলে ফাঁস হওয়া সরকারি নথি বিশ্লেষণে উঠে এসেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি।
যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, সেনাদের আত্মহত্যার সংখ্যাও তত বেড়েছে। ২০২৩ সালে ২৩৫ জন, ২০২৪ সালে প্রায় ৩০০ জন এবং ২০২৫ সালে ৩৭১ জন রুশ সেনা আত্মহত্যা করেন। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। আত্মহত্যার পাশাপাশি ইউক্রেন ও আশপাশের এলাকায় আরও ৮৮৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যেগুলো নথিতে আগ্নেয়াস্ত্রজনিত আঘাত হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত নয়।
এদিকে, ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে রুশ বাহিনীর প্রায় ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে মোট প্রাণহানির সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যায় বলে তাদের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের দাবি অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার ১৬ লাখের বেশি সেনা হতাহত হয়েছেন; এই সংখ্যায় নিহত ও আহত উভয়ই অন্তর্ভুক্ত।
রাশিয়া সরকার সামরিক হতাহতের আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করে না। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর হিসাবেও যুদ্ধে রুশ সেনাদের প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার তথ্য উঠে এসেছে। ব্রিটিশ গোয়েন্দাদের গত সেপ্টেম্বরের এক হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, ক্রেমলিন প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে রাশিয়া।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার