বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ফরাসি ফুটবলার মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন খারিজ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
বাংলাদেশ সময় বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম জানান, ওলিসের হলুদ কার্ড প্রত্যাহারের জন্য করা তাদের আপিল গ্রহণ করেনি ফিফা।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে হলুদ কার্ড দেখেন ওলিসে। যদিও টেলিভিশন রিপ্লেতে দুই ফুটবলারের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংঘর্ষ দেখা যায়নি।
ওলিসের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা এবং মানু কোনোও একটি করে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে, চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেছেন দেশম।
মরক্কোর বিপক্ষে ম্যাচ পরিচালনায় আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে চাননি ফরাসি কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তার মূল মনোযোগ দলের পারফরম্যান্সে।
উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ শিরোপা জেতানো দিদিয়ের দেশম চলমান টুর্নামেন্ট শেষে জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন। ফলে মরক্কোর বিপক্ষে পরাজিত হলে সেটিই হবে ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার