
প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে ভারতের কাছ থেকে দুটি অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ফিলিপাইন। এ তালিকায় রয়েছে ভারতের তৈরি আকাশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন পাঁচটির বেশি রেজিমেন্টের আকাশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং কয়েকটি ব্যাটারি পিনাকা রকেট লঞ্চার কেনার বিষয়টি বিবেচনা করছে। দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে ভারতের তৈরি ব্রহ্মোস জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছিল ফিলিপাইন। এবার নতুন দুটি অস্ত্রব্যবস্থা সংগ্রহের উদ্যোগ দেশটির সামরিক সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
প্রতিবেদন প্রকাশের প্রায় দুই সপ্তাহ আগে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জানিয়েছিলেন, তাঁর দেশ ভারতের কাছ থেকে আরও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী। এ বিষয়ে ভারতের কাছে একটি প্রস্তাবিত তালিকাও পাঠিয়েছে ম্যানিলা। তালিকায় ফিলিপাইনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষেপণাস্ত্রের কিছু বৈশিষ্ট্য পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারত থেকে এসব অস্ত্র সংগ্রহ করতে পারলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিলিপাইনের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে দেশটির দীর্ঘমেয়াদি সামরিক সম্পর্ক গড়ে তোলার পথও সুগম হতে পারে।
এর ফলে ভারত ও ফিলিপাইনের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, প্রযুক্তিগত সহযোগিতা এবং সামরিক অংশীদারত্ব আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার