
ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে। গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা থেকে একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করে র্যাব-১। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এরপর আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামানো হলে পুলিশের উপস্থিতির মধ্যেই হঠাৎ দৌড়ে পালিয়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। পুলিশের চোখের সামনেই আসামি দৌড়ে পালিয়ে যাওয়ায় সেখানে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় থামার পর তিনি পালিয়ে যান।
তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তারে আটোয়ারী থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার