বগুড়ার কাহালু উপজেলায় ফুটবল খেলার পর বল ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণেই তারা পানিতে তলিয়ে যায়।
নিহতরা হলেন— ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) এবং একই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। ফাইম ও সুরাইয়া আপন ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা শেষে বল ধোয়ার জন্য পাশের একটি পুকুরে নামে। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় উদ্বেগ দেখা দেয়।
বেলা ১টার দিকে স্থানীয় এক নারী পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাইম ও সুরাইয়া নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়ার কোনো খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে অভিযান চালিয়ে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 




















