
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের প্রতিবাদে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৯০ জনকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিক্ষোভে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণের তথ্য জানিয়েছে। এর মধ্যে শুধু প্যারিসেই প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভ করেন বলে জানিয়েছে পুলিশ।
টানা তৃতীয় সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আগামী কয়েক দিনের মধ্যে দেশটিতে সাধারণ ধর্মঘটের প্রস্তুতির মধ্যেই নতুন করে রাজপথে নামেন আন্দোলনকারীরা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে দুই সপ্তাহ আগে বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এবার একই ধরনের পরিস্থিতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকার পরও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ফ্রান্সের বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের প্রভাব। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের রাজপথে নামার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার