
বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানায়, মৃত দুই শিশুর একজনের বয়স ১০ মাস এবং অন্যজনের বয়স ৭ মাস। শুক্রবার (৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১০৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ জনে।
এদের মধ্যে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬০ জন রোগী।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া পটুয়াখালীতে ২৪ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ১৩ জন, বরগুনায় ১১ জন এবং ভোলায় ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
তবে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও পিরোজপুরে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৮ জনের মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠিতে ২ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, চলমান টিকাদান কর্মসূচির ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি বলেন, “টিকাদান কার্যক্রমের প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। আশা করছি, ধীরে ধীরে সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসবে।”
স্বাস্থ্য বিভাগ শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে এ রোগের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।
প্রতিবেদকের নাম 


























