
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, বর্তমান কমিশন বহাল থাকলে এলডিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না-ও নিতে পারে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং উত্তরাঞ্চলের জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এই কমিশন বহাল থাকলে এলডিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে।
তিনি আরও বলেন, সংবিধানসম্মত গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করা প্রয়োজন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে ওই কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
অলি আহমদ বলেন, তাদের লক্ষ্য ক্ষমতা বা মন্ত্রিত্ব নয়; বরং মানবতা, সুশাসন ও শান্তিভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে চাঁদাবাজি, অন্যায় ও অবিচারের স্থান থাকবে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা উচিত। তা না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতা বক্তব্য দেন। তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, জাতীয় স্বার্থ রক্ষা এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার