
বর্ষাকালে বৃষ্টির আনন্দের সঙ্গে বাড়ে ভাজাপোড়া ও মুখরোচক খাবারের চাহিদা। তবে এ সময় শুধু বাইরের খাবার নয়, ঘরের রান্নাঘরের কিছু অসতর্কতাও ডেকে আনতে পারে পেটের নানা সমস্যা।
চিকিৎসকদের মতে, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও খাবার সংরক্ষণে ছোট কিছু ভুলের কারণে খাবারে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে। ফলে খাদ্যজনিত বিষক্রিয়া, পেটের সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
অনেকেই কাঁচা মাছ, মাংস, শাকসবজি ও রান্না করা খাবারের জন্য একই ছুরি বা কাটিং বোর্ড ব্যবহার করেন। এতে কাঁচা খাবারের জীবাণু অন্য খাবারে ছড়িয়ে পড়তে পারে, যাকে ক্রস-কন্ট্যামিনেশন বলা হয়।
তাই কাঁচা ও রান্না করা খাবারের জন্য আলাদা ছুরি ও কাটিং বোর্ড ব্যবহার করা এবং প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করা জরুরি।
রান্নাঘরের ডাস্টবিনে দীর্ঘ সময় আবর্জনা জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক ও মাছির উপদ্রব বাড়তে পারে। এসব জীবাণু খাবারে ছড়িয়ে পেটের অসুখের কারণ হতে পারে।
তাই ডাস্টবিনে ঢাকনা ব্যবহার করা এবং নিয়মিত আবর্জনা ফেলে পরিষ্কার রাখা প্রয়োজন।
বর্ষাকালে শাকসবজি ও ফলে মাটি, জীবাণু, কীটনাশক ও পরজীবীর ঝুঁকি বাড়ে। তাই রান্নার আগে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নেওয়া উচিত।
প্রয়োজনে লবণ মেশানো পানি বা হালকা ভিনেগার মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।
ভাজাপোড়া করার পর একই তেল বারবার ব্যবহার করা অনেকের অভ্যাস। তবে বারবার উচ্চ তাপে গরম করলে তেলের গুণগত মান পরিবর্তন হতে পারে এবং ক্ষতিকর উপাদান তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
তাই একই তেল বারবার ব্যবহার না করাই ভালো।
রান্নার আগে, কাঁচা মাছ-মাংস ধরার পর এবং খাবার পরিবেশনের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া জরুরি।
রান্নার সময় মোবাইল ফোন ব্যবহার করে হাত না ধুয়ে খাবার স্পর্শ করাও জীবাণু ছড়ানোর কারণ হতে পারে।
রান্না করা খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দিলে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই খাবার ঠান্ডা হওয়ার পর পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে ফ্রিজে সংরক্ষণ করা উচিত।
পাশাপাশি ফ্রিজ নিয়মিত পরিষ্কার রাখাও প্রয়োজন।
বর্ষাকালে সামান্য সতর্কতাই আপনাকে ও আপনার পরিবারকে পেটের নানা সমস্যা থেকে সুরক্ষিত রাখতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার