
চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে চাচার কিরিচের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. হাসান (২৫)। তিনি ওই এলাকার মো. বশরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচা নাছির পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসান ও তার চাচা নাছিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ধান রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়।
এক পর্যায়ে চাচা নাছির কিরিচ দিয়ে হাসানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার