বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রামগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এসব খাত পুনর্গঠনের পালা। দেশ পুনর্গঠনের এই যাত্রায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এসডিজির নির্ধারিত লক্ষ্য অর্জন কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
‘সবার জন্য বাংলাদেশ’
প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়’—এসডিজির এই মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সরকারের নীতির মূল কথা হলো—‘সবার জন্য বাংলাদেশ’। দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ ও উন্নয়নের পথ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও বাংলাদেশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে।
তিন জেলায় ‘এসডিজি ভিলেজ’
এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। গ্রামগুলো হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















