
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত। মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ অবস্থানের কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, প্রত্যর্পণ, সীমান্ত নদী ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি জয়সোয়াল। তবে শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারীসহ ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য পলাতক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। বিষয়টি ভারতের প্রচলিত আইনি কাঠামোর আওতায় পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান মুখপাত্র।
বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, ভারতের অভ্যন্তরীণ জ্বালানি মজুত, শোধনাগারের সক্ষমতা ও নিজস্ব চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশকে বাড়তি জ্বালানি সরবরাহের সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে ভারতের স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গেও কথা বলেন জয়সোয়াল। তিনি বলেন, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ সবার জন্যই গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের যৌথ হুমকি মোকাবিলায় ভারত একসঙ্গে কাজ করতে আগ্রহী।
তিস্তার পানিবণ্টন ও প্রকল্পে চীনের আগ্রহ নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে জয়সোয়াল বলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন ইস্যুতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে দ্বিপক্ষীয় ব্যবস্থাপনাকেই ভারত গুরুত্ব দেয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার