
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড ও পেট্রল বোমা হামলার অভিযোগের পরও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব নয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বাড়িতে হামলার ধরন দেখে এটি পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দেন এই সংসদ সদস্য।
নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও তিনি একাধিক হুমকি পেয়েছেন। এসব ঘটনার বিবরণ উল্লেখ করে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি করার পরও নতুন করে হুমকি পাওয়ার কথা জানান এই সংসদ সদস্য।
তার দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। নুসরাতের ভাষ্য, এসব হুমকিকে তারা আগে গুরুত্ব দেননি। তবে সাম্প্রতিক ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
হামলার রাতের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে পরপর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধরন দেখে তার কাছে ঘটনাটি পেট্রল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করার বিষয়েও আপত্তি জানান নুসরাত। তিনি বলেন, বাড়িটিতে একটি অসহায় পরিবার দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে বসবাস করছিল। পরিবারটি তাদের বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিল এবং সময়ের সঙ্গে তারা পরিবারেরই অংশ হয়ে উঠেছিল।
নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির গুরুত্ব তুলে ধরে নুসরাত বলেন, তার দাদার হাতে তৈরি এ বাড়িতেই তিনি ও তার ছোট ভাই বড় হয়েছেন। তার বাবা-মাও সেখানে সংসার করেছেন। বর্তমানে সেখানে গবাদিপশুর খামার ছিল। আত্মীয়স্বজনের পাশাপাশি ওই অসহায় পরিবারটিও বাড়িতে অবস্থান করছিল।
তার অভিযোগ, আগুনে বাড়ির অধিকাংশ অংশ পুড়ে গেছে। কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং ওই পরিবারের একটি শিশুও আহত হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নুসরাত। তিনি জানান, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের সামর্থ্য অনুযায়ী পাহারার ব্যবস্থা করলেও ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও প্রয়োজনীয় আলামত সংগ্রহের বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এই সংসদ সদস্য। তার দাবি, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করতে হবে। এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নুসরাত বলেন, সংসদ সদস্য কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে থাকলেই কেউ নিরাপদ—এমন ধারণার সুযোগ নেই। সাধারণ মানুষের মতো জনপ্রতিনিধিদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় এক চালক আহত হওয়ার ঘটনার সঙ্গে নিজের বাড়িতে শিশুর আহত হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন।
তার মতে, শুধু বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি অস্বীকার করা যাবে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে এ ধরনের ঘটনার বিষয়ে রাষ্ট্রের করণীয় জানতে চান তিনি।
হামলার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে নুসরাত বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পলাতক ব্যক্তির কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন বলে দাবি করছেন। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তির উল্লাস ও দায় স্বীকারের মতো পোস্টও দেখেছেন বলে জানান তিনি। তবে এসব পোস্টের সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা তদন্তের বিষয়।
স্থানীয় কারও সম্পৃক্ততার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের এলাকার মানুষকে তিনি সন্দেহ করছেন না। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বিকট শব্দ শোনা যায়। পরে গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান তারা।
বাড়িটি নুসরাতের দাদার। এর পাশেই তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। ঘটনার সময় বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি তার পরিবার নিয়ে সেখানে ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে বলে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার