জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। তবে সরকার এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শাপলা চত্বর থেকে ঐতিহাসিক লংমার্চ শুরু হচ্ছে। ঢাকাবাসীর কাছ থেকে বিদায় নিতে তারা এখানে সমবেত হয়েছেন। পথে যত বাধা-বিপত্তিই আসুক, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‘নতুন করে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করতে হবে’
২০২৪ সালের ৫ আগস্টের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই দিন সারা দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল।
এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে লংমার্চ
নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই লংমার্চ। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যারা সিন্ডিকেট করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি।
এ ছাড়া ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও লংমার্চ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
‘এটি শুধু ১১ দলের লংমার্চ নয়’
নাহিদ ইসলাম দেশের জনগণকে লংমার্চে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই লংমার্চ শুধু ১১টি দলের নয়; এটি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
প্রতিবেদকের নাম 



















