
বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। তিনি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী এতে বিরক্তি প্রকাশ করেন। পরে প্রকল্পটি অনুমোদন না দিয়ে একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও নির্দেশ দেন, কোন কারণে বারবার প্রকল্পের মেয়াদ বাড়ছে তা খুঁজে বের করতে হবে এবং দায়ীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় কমানোরও নির্দেশ দেন তিনি। প্রকল্প ব্যয়ের অনেক অংশ অস্বাভাবিক বলেও মন্তব্য করেন।
একনেক সভায় এলজিইডি, পিডব্লিউডিসহ বিভিন্ন সংস্থার রেট সিডিউল এক না থাকায় বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দ্রুত সময়ের মধ্যে রেট সিডিউল একীভূত করার নির্দেশ দেওয়া হয়।
তিনি সড়কপথের সৌন্দর্য রক্ষার বিষয়েও মন্তব্য করেন এবং সড়কের পাশে ইউক্যালিপটাস বা ইপিল-ইপিল গাছ না লাগানোর নির্দেশ দেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদগাঁও পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এছাড়া পানি, ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার