
বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার কাঠামোগত ব্যবস্থা দুর্বল করা এবং সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে জাতীয় সংসদে পাস হওয়া তিনটি আইন অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া মানবাধিকার সুরক্ষার উদ্যোগগুলোকে দুর্বল করেছে। এর ফলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে বেশ কিছু অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে গুমের স্বাধীন তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষমতাও অন্তর্ভুক্ত ছিল।
তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার পরবর্তী সময়ে এমন কিছু আইন করেছে, যা মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও তদন্তের পরিসর সীমিত করেছে বলে দাবি করেছে এইচআরডব্লিউ।
বিশেষ করে ৬ সেপ্টেম্বর পাস হওয়া ‘জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর মাধ্যমে আগের সংস্কার উদ্যোগগুলোকে পাশ কাটিয়ে কমিশনের ক্ষমতা সীমিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে গুমের মতো অপরাধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহিতা নির্ধারণের ক্ষেত্রে সরাসরি নির্দেশের প্রমাণের মতো কঠিন শর্ত যুক্ত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
নিরাপত্তা খাতের সংস্কার নিয়েও সরকারের সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন’ পাসের মাধ্যমে র্যাবের নাম পরিবর্তন করা হলেও কাঠামোগতভাবে বড় কোনো পরিবর্তন আনা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, অতীতে বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা এই আধাসামরিক বাহিনীর জনবল, লোগো ও সম্পদ অপরিবর্তিত রেখে নতুন নামে কার্যক্রম চালু করা হয়েছে। বিষয়টিকে মানবাধিকার বিশেষজ্ঞরা হতাশাজনক হিসেবে দেখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নতুন বাহিনীকে সাধারণ পুলিশের তুলনায় কম সুরক্ষা বা জবাবদিহিতার আওতায় রাখা হয়েছে বলেও অভিযোগ করেছে এইচআরডব্লিউ।
সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক এলেইন পিয়ারসন বলেন, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতে শুধু বাহিনীর নাম পরিবর্তন যথেষ্ট নয়; নিরাপত্তা খাতে প্রকৃত ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।
তিনি একই সঙ্গে একটি স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। নিরাপত্তা বাহিনীকে কার্যকর তদারকি ও জবাবদিহিতার বাইরে রাখার প্রবণতা নিয়ে উদ্বেগও জানান তিনি।
হিউম্যান রাইটস ওয়াচের মতে, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা খাতের সংস্কার, স্বাধীন তদন্ত এবং জবাবদিহিতার কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার