
দেশের ছয়টি স্পেকট্রাম মনিটরিং স্টেশন থেকে তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি টেলিযোগাযোগসংক্রান্ত চার ধরনের সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। নতুন জনবল নিয়োগ বা অতিরিক্ত অর্থ ব্যয় না করে বিদ্যমান জনবল ও বাজেটের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের টেলিকম শাখা থেকে বিটিআরসিতে পাঠানো এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ছয়টি মনিটরিং স্টেশনে তরঙ্গ পর্যবেক্ষণের পাশাপাশি চার ধরনের টেলিযোগাযোগসেবা চালু করা যাবে।
অনুমোদিত সেবাগুলোর মধ্যে রয়েছে বিটিআরসি-সংক্রান্ত তথ্য ও সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ, মনিটরিং ও সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) নিয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের টেলিযোগাযোগসংক্রান্ত কার্যক্রম সহজ করতে প্রয়োজনীয় তথ্য প্রদান।
তবে এসব কার্যক্রম পরিচালনায় নতুন করে জনবল নিয়োগ বা অতিরিক্ত অর্থ ব্যয়ের অনুমতি দেওয়া হয়নি। বিদ্যমান জনবল ও বরাদ্দের মধ্যেই সেবাগুলো পরিচালনা করতে হবে।
চিঠিতে ওয়ান স্টপ সার্ভিস, সাধারণ ডকুমেন্ট গ্রহণ ও উদ্যোক্তাদের তথ্য দেওয়ার মতো সেবাগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে পাওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতে, মনিটরিং স্টেশনগুলোতে সেবার পরিধি বাড়ানোর মূল লক্ষ্য হলো বিদ্যমান অবকাঠামো ও জনবলকে কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতের সেবা মানুষের কাছে আরও সহজলভ্য করা।
এর আগে বিটিআরসির পক্ষ থেকে পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার