
বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি গত কয়েক দিন ধরেই তৈরি করেছে নানা আলোচনা। সুইমিং পুলে পাশাপাশি বসা তাদের একটি ছবি দেখে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। এর মধ্যে প্রিসিলার ‘আমরা হ্যাপিলি ম্যারিড’ মন্তব্য সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে বাস্তব জীবনের কোনো নতুন সম্পর্ক নয়, জানা গেছে—সবকিছুই নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’-এর প্রচারণার অংশ।
নির্মাতাসূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং ভাইরাল হওয়ার প্রবণতার নেতিবাচক দিকগুলোকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ৫২ পর্বের ধারাবাহিকটি।
আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। গল্পের প্রয়োজনে মামুনুর রশীদের চরিত্রের সঙ্গে প্রিসিলা ডি কস্তার চরিত্রের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর অনলাইনে ভাইরাল হওয়ার নেশায় নানা ধরনের কনটেন্ট তৈরি করতে গিয়ে তাদের জীবনে ঘটতে থাকে একের পর এক ঘটনা।
নাটকের প্রচারণায় বাস্তব জীবনের মতো করে ছবি ও মন্তব্য ছড়িয়ে দেওয়ার বিষয়টি অবশ্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই এর সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, যে নাটকে ভাইরাল সংস্কৃতির নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে, সেটির প্রচারেই কেন এমন কৌশলের আশ্রয় নেওয়া হলো।
বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদের ব্যক্তিগত জীবনকে ঘিরে বিভ্রান্তি তৈরি হওয়ার বিষয়টিও অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।
নাটকের সামাজিক বার্তা প্রসঙ্গে পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, সেটিই হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
তার ভাষ্য, অনলাইনে ভাইরাল হওয়া কনটেন্টের বড় একটি অংশই নেতিবাচক। তবে যারা ইতিবাচক প্রভাব তৈরি করছেন, নাটকে তাদের অবদানও তুলে ধরা হয়েছে।
‘আমরা ভাইরাল’ নাটকে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার পাশাপাশি অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু ও আহসান কবিরসহ আরও অনেকে।
সামাজিক মাধ্যমে ছবি ও মন্তব্য ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা ও কৌতূহলের অবসান ঘটিয়ে এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘আমরা ভাইরাল’।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাভিশনে প্রচার শুরু হবে ধারাবাহিকটির। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে দর্শক দেখতে পারবেন নাটকটি।
অর্থাৎ, প্রচারণায় ভাইরাল হওয়ার পর এবার মূল গল্পের মাধ্যমে ‘আমরা ভাইরাল’ কতটা দর্শক টানতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার