
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার খরচ মেটাতে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
এ ছাড়া বিদেশে শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই এডি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ আছে কি না, তা যাচাই করতে হবে।
অন্য একটি নির্দেশনায়, করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেওয়া হয়েছে। আগে শুধু সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।
এদিকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাব খোলার নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিয়ে আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। তবে অন্যান্য প্রচলিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের ফলে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিদেশে চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিতে আগ্রহীরাও বাড়তি সুবিধা পাবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার