
বিনা অপরাধে কোনো সাংবাদিককে কারাগারে রাখা হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে প্রথমে গণমাধ্যম বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে, যার সুপারিশের ভিত্তিতেই স্থায়ী কমিশন প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, গণমাধ্যম একটি জটিল ও বিস্তৃত ক্ষেত্র। তাই একতরফা সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে এগোতে চায় সরকার। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন তথ্যের ঘাটতি নেই, বরং চ্যালেঞ্জ হলো বিকৃত বা ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যালগরিদমের যুগে ‘ক্লিন ইনফরমেশন’ নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিকদের আইনি সুরক্ষার বিষয়ে তিনি জানান, মানহানিসহ বিভিন্ন আইনি জটিলতা প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের জন্য প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য হলেও এর সঙ্গে জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের উচ্চ নৈতিকতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, সম্পাদক, সংগঠক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। আলোচনায় তারা স্বাধীন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
লেখক: প্রশিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব, জনসংযোগ ও ব্র্যান্ড বিশেষজ্ঞ
প্রতিবেদকের নাম 













