বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ না হলেও আগের তুলনায় কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন বা দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাদের পদে থাকার সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে যারা ভালো কাজ করবেন, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার কাজ চলছে।
বিমানবন্দরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকার তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
বিমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও কথা বলেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্তের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনার বিষয়ে মন্ত্রী বলেন, বিমানের বহরে প্রয়োজনীয় উড়োজাহাজের সংকট থাকায় বর্তমানে চাহিদা অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এই সংকট মোকাবিলায় নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে লিজ নেওয়া ১০টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, নতুন উড়োজাহাজ যুক্ত হলে বিমানের সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা করা সহজ হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার