বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি, তবে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা জাতীয় দলকে বীরের মর্যাদায় বরণ করে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দলের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, “খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।”
মিলে বলেন, বিশ্বকাপ ট্রফি না জিতলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই পুরো দেশের জন্য গর্বের বিষয়। দলকে স্বাগত জানাতে এবং সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ছুটির দিন এখনো নির্ধারণ করা হয়নি। দল দেশে ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয় বিবেচনা করে দিন ঠিক করা হবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট মিলে বলেন, “খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর হবে।”
এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ফাইনালের পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে এই দল দেশের মানুষের সামনে যে মানসিকতা, আত্মত্যাগ ও লড়াইয়ের উদাহরণ তৈরি করেছে, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা দলের প্রতি সমর্থকদের ভালোবাসা ও সম্মান কমেনি। বরং দেশের মানুষ তাদের বীর হিসেবেই বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদকের নাম 























