
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়ার পর তারা সাঁতরে নদীর অপর পাড়ে নিরাপদে ওঠেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ জুলাই) সকালে সদরঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আটজন নিরাপদে তীরে উঠলেও দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়ার পর নিখোঁজ দুই যাত্রী সাঁতরে নদীর অন্য পাড়ে উঠে যান। তাদের সঙ্গে মোবাইল ফোন না থাকায় তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে পরিবারের সদস্যদের মাধ্যমে তারা ট্রলারের মালিককে নিজেদের নিরাপদে থাকার খবর জানান। এরপর ট্রলারের মালিক বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
তিনি আরও জানান, আর কোনো যাত্রী নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারী দলও স্টেশনে ফিরে গেছে।
এর আগে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক সেই সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও পরে নিশ্চিত হওয়া যায়, নিখোঁজ দুই যাত্রী নিজেরাই সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছেছেন। ফলে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার