
কেউ যদি মনে করেন, পালিয়ে যাওয়া ব্যক্তি বেনাপোল দিয়ে ‘টুস করে’ দেশে ঢুকে যাবেন, তাহলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে হামলা, লুটপাট ও খুনের রাজনীতি শুরু করেছে। নড়াইলে তাদের দুই ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, শেখ হাসিনা নিজের স্বার্থে নিজের দলের লোকদেরও হত্যা করতে পারেন। তিনি গোপালগঞ্জে লাশ ফেলার পরিকল্পনা করেছিলেন এবং নেতাকর্মীদের দিয়ে আন্দোলনের নামে হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। তবে বিএনপি সেই পাতানো ফাঁদে পা দেয়নি।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই কঠোর অবস্থানে না গিয়ে প্রশাসনিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হয়েছে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। তবে ফ্যাসিস্টদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, এই জনপদে দীর্ঘ ৩৪ বছর একটি দল দায়িত্ব পালন করেছে। এ কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেককে সেই দলের সঙ্গে থাকতে হয়েছে। এসব নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল হিসেবে কখনো কোনো দলকে নিষিদ্ধ করেনি। বিগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও তাদের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করছে জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, জনগণ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য বিএনপিকে নির্বাচিত করেছে। এই পাঁচ বছর শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা হবে। এরপর জনগণ যাকে ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে।
মোংলা বন্দরের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পরপর দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ জনপদের মানুষ মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকুক এবং তাদের জীবনমানের উন্নতি হোক—এটাই তাঁদের প্রত্যাশা। দেশবিরোধী ষড়যন্ত্রে কেউ জড়িত হলে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।
উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল এবং সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার