
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি প্রয়োজন, অসুস্থতা ও ব্যক্তিগত কারণে দ্বীপ ছাড়তে আগ্রহী ১৮০ জন স্থানীয় বাসিন্দা ও পর্যটক তিনটি সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলার তিনটি যাত্রা শুরু করে। প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী রয়েছেন। জরুরি প্রয়োজন ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দ্বীপ থেকে ফিরে আসার জন্য পর্যটকেরা সেন্টমার্টিন জেটিঘাটে ভিড় করছেন। তবে আবহাওয়া স্বাভাবিক না থাকায় প্রশাসন তাঁদের যাতায়াতের অনুমতি দিচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার (২২ নভেম্বর) থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে প্রায় দেড় হাজার পর্যটককে কবে নাগাদ নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। দ্বীপে অবস্থানরত পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার