আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির ফুটবলীয় পছন্দের তালিকায় কারা রয়েছেন, তা নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। এবার প্রকাশ্যে এসেছে ব্যালন ডি’অরে ভোটার হিসেবে মেসির পছন্দের ফুটবলারদের নাম। ১১ জনের এই তালিকায় রয়েছেন চার আর্জেন্টাইন। তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল মেসির ভোটের বিস্তারিত হিসাব প্রকাশ করেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অর পুরস্কারে এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফিতে ভোট দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। পরে ২০২১ সাল থেকে কোপা ট্রফির ভোটার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাঁদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। মূল ব্যালন ডি’অরের ভোটে ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। অন্যদিকে, কোপা ট্রফির ভোটে জায়গা পেয়েছেন গারনাচো।
মেসির ভোটের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ আসরেই তাঁকে ভোট দিয়েছেন মেসি। এর মধ্যে দুইবার ইনিয়েস্তাকে নিজের প্রথম পছন্দ হিসেবে রেখেছেন। পাশাপাশি একাধিকবার ভোট পেয়েছেন মেসির আরেক সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজও।
২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকাটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত ওই ভোটে প্রথম পছন্দ হিসেবে আনহেল দি মারিয়াকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে হাভিয়ের মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের খেলোয়াড় যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।
কোপা ট্রফিতেও মেসির ভোট আলোচনায় এসেছে। ২০২৬ সালের আসরে তাঁর প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন বার্সেলোনার এই তরুণ তারকা।
ব্যালন ডি’অরে মেসির ভোট
কোপা ট্রফিতে মেসির ভোট
সূত্র: টিওয়াইসি স্পোর্টস।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার