
বিশ্বকাপে ধীরে ধীরে ছন্দে ফিরছে ব্রাজিল। তবে দলের পারফরম্যান্সে এখনই পুরোপুরি সন্তুষ্ট নন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নিজের দলের পারফরম্যান্সকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
নিউইয়র্কের নিউজার্সিতে নরওয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “৭। আরও উন্নতি করতে হবে।” ম্যাচভিত্তিক মূল্যায়নও তুলে ধরে তিনি জানান, মরক্কোর বিপক্ষে ৫, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ এবং জাপানের বিপক্ষে ৬ নম্বর দেবেন।
সংবাদ সম্মেলনে লুকাস পাকেতার বিকল্প নিয়েও প্রশ্নের মুখোমুখি হন আনচেলত্তি। তিনি বলেন, “বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করব।”
নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ইতোমধ্যে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। তবে আনচেলত্তির লক্ষ্য শুধু হালান্ডকে নয়, পুরো নরওয়ে দলকে থামানো।
তিনি বলেন, “হালান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে আটকাতে হবে। আমি শুধু হালান্ড নয়, পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছি।”
সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে নেইমারের প্রসঙ্গ। তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে আনচেলত্তি বলেন, “ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয়। নেইমার এখন ফিট। সে পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে।” তবে নরওয়ের বিপক্ষে নেইমারকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি তিনি।
একাদশ ও কৌশল নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটা নয়।”
এদিকে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন ব্রাজিলকে ম্যাচের ফেবারিট উল্লেখ করে আনচেলত্তিকে বিশ্বের অন্যতম সেরা কোচ বলে প্রশংসা করেন। জবাবে আনচেলত্তি বলেন, “এটা তার বিনয়। মাঠে আমাদের কাজ শতভাগ সঠিকভাবে করতে হবে।”
সংবাদ সম্মেলনজুড়ে বরাবরের মতোই শান্ত ও আত্মবিশ্বাসী ছিলেন আনচেলত্তি। ইতালিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ও পর্তুগিজ ভাষাতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার