
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন জানিয়েছে ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে (BRICS) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অবস্থানও জানিয়েছে দেশটি।
শুক্রবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক পালাসিও দো প্লানালতোতে। সেখানে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক কূটনীতি এবং গ্লোবাল সাউথের সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে।
বৈঠকে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করবে। এই পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ব্রাজিলের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম বলেন, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রতি তাদের আস্থা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্রিকস সদস্যপদ লাভের আগ্রহ পুনর্ব্যক্ত করে। জবাবে ব্রাজিল বিষয়টি তাদের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সমর্থনের চেষ্টা চালাবে বলে আশ্বাস দেয়।
এ বিষয়ে কূটনৈতিক মহল মনে করছে, এটি বাংলাদেশের বহুপাক্ষিক কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বর্তমানে প্রায় ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হলেও উভয় পক্ষই মনে করে এর বিপুল সম্ভাবনা এখনো কাজে লাগানো হয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ব্রাজিল থেকে তুলা, সয়াবিন ও কৃষিপণ্য আমদানির পাশাপাশি তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে ‘টেট-অ্যা-টেট স্ট্র্যাটেজিক ফোরাম’ গঠনের প্রস্তাবও উঠে আসে, যার মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ চালু থাকবে।
এছাড়া কৃষি, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে নিয়ে যেতে পারে। পাশাপাশি গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার