
ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
হাসনাত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এ কারণে তিনি দুঃখিত।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধের ঘটনা নিয়ে গণমাধ্যমে যেভাবে খবর এসেছে, বাস্তব চিত্র তার চেয়ে কিছুটা ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী, গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তারা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি থেকে পরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।
হাসনাত আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ—এমন ধারণা তৈরি হওয়া ঠিক নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সম্পর্কে ভুল বার্তা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
নৌকাবাইচের প্রসঙ্গেও নিজের তথ্যগত ভুলের কথা স্বীকার করেন হাসনাত। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জায়গায় ভুল করে সিলেটের নাম বলেছিলেন। এই ভুলের কারণে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসনাত বলেন, তিনি ও তার দল জুলাইয়ের আন্দোলনের আদর্শ ধারণ করেন। তাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব মানুষের সমান অধিকার নিশ্চিত হবে এবং কেউ অন্যের ওপর নিজের মত বা দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারবে না।
তিনি বলেন, “এই বাংলাদেশ সবার।” এখানে মসজিদ, মন্দির, সংগীত, ওয়াজ, মাজার, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবকিছুরই জায়গা থাকবে। যার যে বিষয় পছন্দ, তিনি তাতে অংশ নেবেন; আর যা পছন্দ নয়, তা থেকে দূরে থাকবেন।
সরকারের দায়িত্ব হিসেবে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অন্যের ওপর জোর করে নিজের মত চাপিয়ে দিতে না পারে, সেটিও সরকারকে নিশ্চিত করতে হবে।
হাসনাতের ভাষায়, জুলাইয়ের আন্দোলন ছিল ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আদর্শের ভিত্তিতেই একটি বৈচিত্র্যময় ও সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার