
‘কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’
তিনি আরও বলেন, ‘আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা ১৭ বছর ধরে নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা মানুষকে পুড়িয়ে ফেলার রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করেন না, খালেদা জিয়াও কখনো করেননি।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলীয় নেতা সংসদে কয়েক দিন আগে বলেছেন—রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সরকার ও বিরোধীদের মধ্যে মতভেদ থাকতেই পারে; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’
দুলু জানান, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, একইভাবে আগামী ডিসেম্বর—বিজয়ের মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা রাজপথে থাকবেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতাকর্মীরা।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার