
ভারতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও আটজনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে চিকিৎসার জন্য ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নতুন সংক্রমণের পর পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ জেলাটিতে বিশেষ মেডিকেল টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি নমুনার পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে কাদাপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। ভাইরাসের ধরন ও সংক্রমণের প্রকৃতি শনাক্ত করতে নমুনাগুলো পুনের একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার