ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল—এমন সন্দেহে রাঙ্গামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ জুন) সকালে ছোট হরিণা বিজিবি ঘাটে নিয়মিত তল্লাশির সময় এসব সার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের আশঙ্কায় সকাল থেকেই নদীপথে নজরদারি জোরদার করা হয়। এ সময় চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালিয়ে মোট ৩ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়।
জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার। ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, "সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে।"
তিনি আরও জানান, চলতি মাসে একই এলাকায় পৃথক অভিযানে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি বিজিবি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার