ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় উদ্যোক্তা রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাংক। ২০৩০ সালের মধ্যে দেশটিতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং এবং ডেটা সেন্টার খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এয়ারট্রাংকের এই বিনিয়োগ পরিকল্পনার পেছনে সহযোগী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। কোম্পানিটি জানিয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচ গিগাওয়াট সক্ষমতার আধুনিক ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বৈঠকে ভারতের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিনিয়োগের বড় একটি অংশ বাস্তবায়ন হবে মহারাষ্ট্রে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের কাছাকাছি রায়গড়ে প্রায় দুই লাখ কোটি রুপি ব্যয়ে তিন গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণ করবে এয়ারট্রাংক। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।
রবিন খুদার মতে, বিশ্বের দ্রুত বিকাশমান প্রযুক্তি বাজারগুলোর মধ্যে ভারত অন্যতম। বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং এআই প্রযুক্তির প্রতি আগ্রহ দেশটিকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্যে পরিণত করেছে।
ভারতে কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারট্রাংক সম্প্রতি মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার লুমিনা ক্লাউডইনফ্রাকেও অধিগ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের বিভিন্ন অঞ্চলে ৬০০ মেগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে কাজ করছে, যার বিনিয়োগ মূল্য প্রায় ৫ বিলিয়ন ডলার।
ফোর্বসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালে এয়ারট্রাংক প্রতিষ্ঠার পর তিনি প্রতিষ্ঠানটিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটরে পরিণত করেন।
বিশ্লেষকদের মতে, এয়ারট্রাংকের এই বিশাল বিনিয়োগ ভারতের প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশটির এআই ও ক্লাউড অবকাঠামো উন্নয়নে নতুন গতি যোগ করবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার